বিনোদন ডেস্ক
‘ব্লাক উইডো’ সিনেমার চুক্তি লঙ্ঘনের অভিযোগে ডিজনি স্টুডিওর বিরুদ্ধে স্কারলেট জোহানসনের দায়ের করা মামলাটির অবশেষে নিষ্পত্তি হয়েছে। জানা গেছে, নতুন চুক্তির মাধ্যমে তারা একমত হয়েছেন। যদিও চুক্তির শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। এদিকে জোহানসন ও ডিজনি স্টুডিওর এই মামলাটি হলিউডের অন্যান্য স্টুডিওতে নাটকীয় প্রভাব ফেলতে পারে বলে সিনেবোদ্ধারা মনে করছেন। তবে এ নিয়ে জোহানসন গণমাধ্যমকে বলেন, ‘ডিজনির সঙ্গে মতবিরোধ সমাধান করতে পেরে আমি খুবই খুশি। আমরা বছরের পর বছর একসঙ্গে যে কাজ করেছি তাতে আমি গর্বিত এবং ডিজনির সঙ্গে আমার সৃজনশীল সম্পর্ক সবসময় দারুণভাবে উপভোগ করেছি। আগামী বছরগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ অন্যদিকে, ডিজনি স্টুডিওর চেয়ারম্যান অ্যালান বার্গম্যান বলেন, ‘আমি খুব খুশি যে, আমরা ব্লাক উইডো সিনেমাটি নিয়ে জোহানসনের সঙ্গে পারস্পরিক চুক্তিতে আসতে পেরেছি। বিশ্ব চলচ্চিত্রে তার অবদান বরাবরই প্রশংসিত এবং ডিজনির টাওয়ার অফ টেররসহ আসন্ন বেশ কয়েকটি প্রকল্পে শিগগিরই আমরা একসঙ্গে কাজ শুরু করব।’
উল্লেখ্য, গত জুলাই মাসে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করেন স্কারলেট। সেখানে বলা হয়েছিল, চুক্তির সময় ডিজনি সব সিনেমা হলে ব্লাক ইউডো মুক্তি দেবে। কিন্তু তারা মুক্তির সময় সেই চুক্তিটি মানেনি। ফলে আশানুরূপ সাফল্যের দেখা পায়নি সিনেমাটি। কিন্তু এই বিষয়টি অস্বীকার করে ডিজনি কারণ হিসেবে একই সময় বিগ বাজেটের অন্যান্য সিনেমার মুক্তিকে সামনে আনে।
