ব্রিটিশ পুলিশ কর্মকর্তার আজীবন কারাদণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৩৮

নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা

রয়টার্স

লন্ডনের রাস্তা থেকে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার দায়ে ব্রিটিশ এক পুলিশ কর্মকর্তাকে আজীবন কারাদণ্ড দিয়েছে ইংল্যান্ডের এক আদালত।

গত ৩ মার্চ স্থানীয় সময় সন্ধ্যার দিকে ৩৩ বছর বয়সি সারা এভারার্ড দক্ষিণ লন্ডনে এক বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন; সেসময় লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ওয়েইন কুজেনস তাকে গ্রেফতারের নামে জোর করে একটি ভাড়া করা গাড়িতে তোলেন। সপ্তাহখানেক পরে দক্ষিণপূর্ব ইংল্যান্ডের একটি গাছপালায় পরিপূর্ণ এলাকায় এভারার্ডের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনা যুক্তরাজ্যে তুমুল আলোড়ন তোলে। দেশটির বিভিন্ন শহরে নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে একাধিক কর্মসূচিও হয়। ৪৮ বছর বয়সি কুজেনস বিভিন্ন কূটনৈতিক প্রাঙ্গণ পাহারার দায়িত্বে ছিলেন, এভারার্ডকে অপহরণের সময় তিনি তার পুলিশ পরিচয় ব্যবহার করেছিলেন বলে জানতে পেরেছে ওল্ড বেইলির আদালত। আজীবন কারাদণ্ড হওয়ায় কুজেনসের প্যারোলে মুক্তির সুযোগ থাকছে না। এভারার্ডের পরিবার বিবৃতিতে বলেছে ‘কোনো কিছুই আমাদের আনন্দ দিতে পারবে না, কোনো কিছুই আর সারাকে ফেরাবে না। কিন্তু তাকে (কুজেনস) যে আজীবন জেলে থাকতে হবে, এটা জেনে স্বস্তি পাচ্ছি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমাদের পুলিশ থাকবে আমাদের রক্ষা করতে। আমি জানি, তার (কুজেনস) কর্মকাণ্ডে আমাদের মতোই অনেক পুলিশ কর্মকর্তাও স্তম্ভিত ও অসহায় বোধ করছেন।’ বিরোধীদলীয় আইনপ্রণেতা হ্যারিয়েন হারমান এ ঘটনায় ডিকের পদত্যাগ দাবি করেছেন। পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক নিহত এভারার্ডের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।