স্পোর্টস রিপোর্টার
ইংলিশ কোচ জেমিকে বাদ দিয়ে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় দলের দায়িত্ব পেয়ে মুখে না বললেও অনেক টেনশনে ছিলেন ব্রুজন। মালদ্বীপে সাফের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ছিল তার জন্য এসিড টেস্ট। সেই টেস্টে উতরে গেছেন ব্রুজন। বারবার বলছিলেন প্রথম ম্যাচটা যদি জয় পাওয়া য়ায় সেটা হবে পরের ম্যাচগুলোর জন্য টনিক। ১-০ গোলে জিতলেও ব্রুজন ম্যাচ শেষে মালদ্বীপে সংবাদ সম্মেলনে বলেছেন, তার দল ভালো খেলেছে। তবে ম্যাচ জিতলেও আমাদের আরো সাবধান হতে হবে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচ ফাইনালের চেয়েও কঠিন ম্যাচ। তাই লঙ্কানদের বিপক্ষে যেসব ভুল হয়েছে সেগুলো নিয়েও কথা বলেছেন কোচ। ব্রুজন বলেন, ‘আমি সন্তুষ্ট আমাদের খেলা নিয়ে। আপনারা খেয়াল করে দেখবেন ম্যাচের আশিভাগ খেলা হয়েছে শ্রীলঙ্কার এরিয়ায়। ওরা আমাদের রক্ষণ ভাঙতে পারেনি। আমরা পরবর্তি ম্যাচ খেলব তবে অনেক বেশি সুযোগও পাবো না। এই ম্যাচ যেভাবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। সেই ভুল করলে আমাদেরকে ভুগতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আক্রমনে গিয়েছে, দুই উইং দিয়ে বল ফেলেছে শ্রীলঙ্কান সীমানায়। কিন্তু ফিনিশিং ছিল না। সেটপিসে সুযোগ ছিল। বাংলাদেশ এগুলোর কোনোটাই সঠিক ব্যবহার করতে পারেনি। খেলা শেষে অস্কার ব্রুজন এই কথাগুলো মনে করিয়ে দিয়ে বলেছেন ভারতের বিপক্ষে এতো সুযোগ পাওয়া যাবে না।
এটি আমার একার গোল নয়
পুরো দলের গোল :তপু
সাফের প্রথম ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ডিফেন্ডার তপু বর্মন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুশি গোল করতে পেরে। এটা আসলে আমার জন্য নয়, পুরো দলের জন্য। আমি আগেও পেনাল্টি থেকে গোল করেছি।’ এর আগেও সাফে তপুর গোল রয়েছে। গত সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল ২-০ গোলে। সেই ম্যাচে তপু বর্মন ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন। গতকাল আবার সাফের প্রথম ম্যাচে গোল করলেন ম্যাচও জেতালেন। সাফে আরো গোল আছে তপুর। জাতীয় দলে এই নিয়ে ৫টি গোল করলেন তপু। কোনটি সেরা গোল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল খেলা শেষে সংবাদ সম্মেলনে। তপু বললেন, আফগানিস্তানের বিপক্ষে করা গোলটি তার চোখে সেরা গোল। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।
