মাঠে সব প্রতিপক্ষই সমান :সৌম্য

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার-১২ পর্বে উন্নীত হলে প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল।

প্রথম রাউন্ডে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পাচ্ছে বাংলাদেশ। তিনটি দেশই আইসিসি সহযোগী, তাদের বিপক্ষে শতভাগ জয়ে সুপার-১২ পর্বে যাওয়াই টাইগারদের প্রাথমিক লক্ষ্য। যেখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। সৌম্য সরকার বলছেন, শুধু বিশ্বকাপ বলে নয় মাঠে সব প্রতিপক্ষই সমান। র্যাংকিংয়ের ১ বা ১০ সবার বিরুদ্ধেই সমান মনোযোগ দিয়ে খেলতে হবে।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘সবার সঙ্গেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিত, ১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিত। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।’

নিউজিল্যান্ড সিরিজের পর কিছুদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তারপর থেকে টানা ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন সবাই। ওমানে গিয়ে ক্যাম্প হবে। তাই প্রস্তুতির ঘাটতি দেখছেন না সৌম্য। তিনি বলেন, ‘এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরো সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।’

ঘরের মাঠে স্লো, লো উইকেটে খেলেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করছেন সৌম্য। গত কিছুদিন তাই মিরপুরে গ্রানাইটের স্ল্যাব বসিয়েও ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ, সোহান, সৌম্যরা। স্পোর্টিং উইকেটে খেলতে হবে মানসিকতা নিয়েই প্রস্তুত হয়েছেন তারা। গতকাল সৌম্য বলেছেন, ‘টি-২০ ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে।’

জিম্বাবুয়ে সফরে হেসেছিল সৌম্যর ব্যাট। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে পুরো ফ্লপ ছিলেন তিনি। সেসব ভুলেই নিজেকে তৈরি করেছেন। গতকাল বলেছেন, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। আমরা গত যে দুই সিরিজে খেলেছি সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি।’