হকিতে প্রথম দিনেই পৃথক ম্যাচে মাঠে নামবে মোহামেডান ও আবাহনী

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

হকি মৌসুমের প্রথম টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ অক্টোবর। প্রথম দিনেই পৃথক দুই ম্যাচে মাঠে নামছে মোহামেডান এবং আবাহনী। বেলা ২টায় মোহামেডান খেলবে এজাক্স এসসির বিপক্ষে। আর বিকাল ৪টায় আবাহনী খেলবে পুলিশের বিপক্ষে। মোহামেডান এবং আবাহনী একই গ্রুপে লড়াই করছে।

গতকাল হকি ফেডারেশন ক্লাব কাপ হকির ফিকশ্চার ঘোষণা করেছে। দুই গ্রুপে আট দলকে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে আবাহনী, এজাক্স এসসি, মোহামেডান ও পুলিশ। ‘বি’ গ্রুপে মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। প্রতিদিন একই সময়ে দুটি করে খেলা হবে, শুধু ৯ অক্টোবর মোহামেডান-আবাহনী ম্যাচটা শুরু হবে ফ্লাড লাইটের আলোয়, সন্ধ্যা ৬টায়।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সেমিফাইনালে খেলবে আগামী ১৪ অক্টোবর। ফাইনাল ১৬ অক্টোবর।