জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো বোন হামিদা ওয়াদুদ পলি আর নেই। গতকাল শুক্রবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান। শুক্রবার বাদজুমা তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
