করোনা ভাইরাস

এক দিনে মোট শনাক্তের অর্ধেকের বেশি ঢাকায়

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:৪৪

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনে ২১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ৮৪৭ জনের মধ্যে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫৯৫ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। যে ২১ জন গত এক দিনে মারা গেছেন তাদের ৯ জনই ছিলেন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৩১ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৮৬০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ২৩ জনের। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা দুটিই সামান্য কমেছে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ, যা আগের দিন ৩ দশমিক ২৪ শতাংশ ছিল। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৯৬০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৪ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৫৫ হাজার ৯০১টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৬ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন বাদে চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, রাজশাহী বিভাগের এক জন, খুলনা বিভাগের চার জন, বরিশাল বিভাগের এক জন এবং সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন এক জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আট জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। আট জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ১৭ জন সরকারি হাসপাতালে এবং চার জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।