বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে সম্প্রতি অপহরণ, মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাবাসের পর মুক্ত হওয়া ১২ নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। কারা অভ্যন্তরে এসব নারীকে সেলাই কাজের প্রশিক্ষণ এবং মুক্ত হওয়ার পর সেলাই মেশিনসহ অন্যান্য সহায়তা দেওয়ায় তারা অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে আসছেন। সম্প্রতি অপহরণ মামলা থেকে মুক্ত হওয়ার পর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খাদিজা বেগমকে (৩৭) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিনসহ আর্থিকসহায়তা করা হয়।
এ সময় খাদিজা জানান, একটি মিথ্যা অপহরণ মামলায় তিনি কারাগারে ছিলেন। এ সময় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে সমাজসেবার প্রবেশন অফিসার তাদের সঙ্গে সাক্ষাতের সময় মুক্ত হওয়ার পর সেলাই মেশিনসহ অন্যান্য সহায়তার কথা জানান। সে অনুযায়ী জামিনে মুক্তি পেয়ে নিজে কিছু করার প্রয়াস নিয়ে জেলা প্রশাসক বরাবর সেলাই মেশিন চেয়ে আবেদন করেন। কেবল খাদিজাই নয় সম্প্রতি মুক্ত হওয়া ১২ নারীকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সেলাই মেশিন প্রদানসহ অন্যান্য সহায়তা করেছেন।
সমাজ?সেবা অ?ধিদপ্তরের বরিশালের প্রবেশন অ?ফিসার সাজ্জাদ পার?ভেজ ব?লেন, আটকের পর সেখানে ৬ মাস ১৮ দিন কারাভোগ শে?ষে জুনে জামিনে মুক্তি পান খাদিজা। পরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার খাদিজার নতুন জীবনের সূচনায় তার হাতে সেলাই মেশিন তুলে দেন। তিনি বলেন, কেবল খাদিজাই নয় লিনা বেগম, সাথী আক্তার, লাকি আক্তার, আয়সা, সুলতানা ও কণা বেগমসহ ১২ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া সমাজসেবার আওতায় তাদের অন্যান্য সহায়তাও করা হচ্ছে।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, বরিশালের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন তার রুটিন কাজ। পরিদর্শনকালে বন্দিদের নানা অসুবিধার কথা শুনে তা সমাধানের চেষ্টাও করেন তিনি। কারাগারের নারী সেল পরিদর্শনকালে তাদের সেলাই মেশিন চালানোর দক্ষতা দেখে তাদেরকে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করে থাকেন। সে অনুযায়ী যে সব বন্দি জামিনে মুক্ত হয়ে তার কাছে সহায়তা চেয়েছেন স্বাবলম্বী করতে তাদের সে ধরনের সহায়তা করা হচ্ছে। কাউকে ব্যবসার পুঁজি, কাউকে ভ্যানগাড়ি এবং নারীদের সেলাই মেশিনসহ ব্যবসার পুঁজি দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
