বরগুনার পাথরঘাটা উপজেলায় আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জেলে ও মো. লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ ট্রলারের ২০ জেলে ট্রলারসহ গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এফবি মায়ের দোয়া ট্রলারের নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার শাহ জাহান, আব্দুর রশিদ, মাসুদ, আমির হোসেন, মিরাজ, ছগির, তাফালবাড়ী এলাকার ফারুক, আব্দুস ছত্তার, নাসির, জ্ঞানপাড়া এলাকার খলিল, আবুল কালাম, বড় টেংরা এলাকার ফুল মিয়া এবং এফবি আব্দুল্লাহ ট্রলারের খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। এফবি আব্দুল্লাহ ট্রলারের অন্য জেলেদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার আলেকজান্ডার উপজেলার বিভিন্ন এলাকায়।
গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারমালিকদের বরাত দিয়ে জানান, জেলেসহ ট্রলার নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে তিনটি ট্রলার সাগরে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ জেলেদের বা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার সাংবাদিকদের জানান, কোস্ট গার্ডের দক্ষিণ জোন ও পশ্চিম জোনসহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চলছে।
