ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অক্টোবরের শুরুতে হলগুলোতে উঠতে শুরু করেছেন। আবার কিছু হলে আগে থেকেই অবস্থান করছেন কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি হলে শিক্ষার্থীরা উঠেছেন। সর্বশেষ গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে অমর একুশে হলের শতাধিক শিক্ষার্থী তালা ভেঙে হলে প্রবেশ করে। এ সময় হল প্রশাসনের পক্ষ থেকে হল ত্যাগের নির্দেশ এবং পরবর্তী সময়ে অনুরোধ জানানো হলেও তারা প্রশাসনের কোনো কথা শুনেননি। আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও এর আগেই শুক্রবার দুপুরে তারা আবাসিক হলে প্রবেশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছি ১ তারিখ হল খুলতে হবে। এই পাঁচ দিনের জন্য আমরা মেস ভাড়া দিতে পারব না। প্রশাসন আমাদের সঙ্গে প্রহসন করেছে। আমরা আজ থেকেই হলে থাকব। তাছাড়া ঢাকায় আমাদের থাকার কোনো ব্যবস্থা নেই।
হল প্রভোস্ট অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ বলেন, কিছু শিক্ষার্থী হলে প্রবেশ করেছে। আমরা তাদের সঙ্গে বৈঠক করছি। আশা করি সুষ্ঠু সমাধান হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টা জেনেছি। হল প্রশাসনকে তাদের সঙ্গে কথা বলে সমাধান করতে বলা হয়েছে। যারা হলে প্রবেশে করেছে তারা শিক্ষার্থী না। আমি বিশ্বাস করি কোনো নিয়মিত, মেধাবী শিক্ষার্থী এ কাজগুলো করবে না। তারা কারা, তাদের পরিচয় কী, তারা কোন উদ্দেশ্যে এটা করছে এসব জানার চেষ্টা চলছে।
এদিকে অমর একুশে হল ছাড়াও বেশ কয়েকটি হলে ইতিমধ্যে শিক্ষার্থীরা উঠেছেন বলে জানা গেছে।
