কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং

গাড়িতে ট্রেনের ধাক্কায় ঢাবি শিক্ষকের মৃত্যু, স্ত্রী ও চালক গুরুতর আহত

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০০:১৭

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা আব্দুর রহিম খান (৭২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত প্রফেসরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী যুগ্ম-সচিব (ওএসডি) দিলজুয়ারা খানম এবং গাড়ির চালক সোলেমান।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী।

এসআই ইমায়েদুল জাহেদী বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যুগ্ম-সচিবের প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি ছিটকে গিয়ে পাশের একটি খাদে পড়ে। গাড়িটি নাগরীর দিকে যাচ্ছিল।

পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিন জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাবি শিক্ষককে মৃত অবস্থায় এবং স্ত্রী দিলজুয়ারা খানম ও তাদের গাড়ির চালককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুই জনকে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।