আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি-জামায়াত হাওয়া ভবনের নীল নকশায় কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে তাণ্ডব শুরু করেছিল। (শুক্রবার) সেই পহেলা অক্টোবর। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি-জামায়াত একই কায়দায় নিরীহ বাঙালির ওপর হামলা করেছিল। এদিন তারা অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী নির্যাতন, হত্যার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তাদের দেশত্যাগে বাধ্য করেছিল। সেদিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, জীবন দিয়েছিল তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’
গতকাল শুক্রবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, ‘২০০১ সালের ঘটনা নিয়ে তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট অনুসারে সকল অপকর্মকারীদের কঠোর বিচারের দাবি জানাই।’ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর সাদাত উল্লাহর মৃত্যুতে আয়োজিত স্মরণ সভায় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সাদাত উল্লাহ স্যার রাজনীতিবিদ ছিলেন না, তবে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। উনি নেতা ছিলেন না, তবে শিক্ষক হিসেবে নেতার চেয়েও অনেক গুরু দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ছাত্রদের জন্য আস্থার জায়গা। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ।
