খেলাফত মজলিসের ২০ দলীয় জোট ছাড়ার ঘটনায় তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো দলেরই জোট ছাড়ার অধিকার বা স্বাধীনতা রয়েছে। স্বতন্ত্র দল হিসেবে যে কোনো দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এটি তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। খেলাফত মজলিস যদি মনে করে তারা ২০ দলীয় জোটে থাকবে না, সেই স্বাধীনতা তাদের আছে।
গতকাল শুক্রবার সাংবাদিকদেরকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, মূলত আমরা অনেকগুলো রাজনৈতিক দল একটি লক্ষ্য নিয়ে জোটবদ্ধভাবে এগিয়ে গিয়েছিলাম। এখন তারা যদি মনে করে জোটের প্রয়োজনীয়তা নেই, তাহলে তারা ছেড়ে যেতেই পারে। এখানে আমাদের কিছু করার নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খেলাফত মজলিসের জোট ছাড়ার পেছনে সরকারকে দায়ী করছেন। তিনি বলেন, জোট ছাড়ার সবচেয়ে বড় কারণ সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। এছাড়া দলগুলোর মধ্যে বিরোধও রয়েছে।
‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারেনি। বর্তমান সরকার জবরদস্তিমূলক দখলদার সরকার। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। যদি না নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়। একই দিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির আলোচনাসভা আজ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
