সারা দেশে গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ‘হেফাজতের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। আমরা শুধু দ্বীনি সংগঠন হিসেবে কাজ করে যেতে চাই। শাহ আহমদ শফীর পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ইমানি দাবি আদায়ের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের তিন শীর্ষ মুরুব্বি শাইখুল ইসলাম মাওলানা শাহ আহমাদ শফী, শায়খুল হাদিস মাওলানা জুনাইদ বাবুনগরী ও মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তারা এ কথা জানান।
সংগঠনের নায়েবে আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, নায়েবে আমির মাওলানা আবুল কালাম জামিয়া মোহাম্মদীয়া প্রমুখ। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম সুবহান।
