প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বিশেষ পরিচর্যার মাধ্যমে প্রতিভা মেলে ধরার তেমনই এক যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল। তাদের নিয়ে অভিনয় করার কর্মশালার আয়োজন করা হয়েছে। হাতে-কলমে শেখানো হচ্ছে অভিনয়, ইম্প্রোভাজেশনসহ নানা বিষয়ে। পরবর্তী সময়ে এই বিশেষ সক্ষম মানুষকে নিয়ে নির্মিত হবে নাটক। ঢাকাসহ সারা দেশের আট বিভাগের কর্মশালায় অংশগ্রহণকৃতদের নিয়ে নির্মিত হবে পৃথক প্রযোজনা। এরপর সবগুলো নাটকের সম্মিলনে ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জাতীয় প্রতিবন্ধী নাট্যোত্সব ও আন্তর্জাতিক সেমিনার। কর্মশালাসহ নতুন প্রযোজনা নির্মাণের কাজটি করছে ঢাকা থিয়েটার সৃষ্ট সুন্দরম নামের প্রতিবন্ধী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধী নাট্য কর্মশালার তৃতীয় ধাপের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বনানীর সেরিনা হোটেলে। এতে কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা তাদের শিক্ষণীয় বিষয়গুলো মেলে ধরেন। উপস্থাপিত হয় বিশেষ চাহিদাসম্পন্ন অভিনয়শিল্পীদের খণ্ড খণ্ড অভিনীত অংশ। এই তৃতীয় ধাপের কর্মশালার সূচনা হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। দেড় বছরের বেশি সময় ধরে প্রতিবন্ধী শিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন অভিনয়শিল্পী সামিউন জাহান দোলা। উপদেষ্টা হিসেবে নেপথ্যে থেকে পুরো বিষয়টির তদারকি করেছেন ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্্যাপনে কবিতা পাঠ ও আবৃত্তি
গত ২৮ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আর প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি বৃহস্পতিবার সকালে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে শেখ হাসিনাকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনার আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত ও ভাষাগোষ্ঠীর কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি সাবিনা ইয়াসমিন, শামীম সবুজ, মনময় মনির, মাশুরা লাকী এবং সিংহলী ভাষার কবি সনজিত্ কুমার সিংহ। দেশের বিভিন্ন প্রান্তের বাচিকশিল্পীদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন চট্টগ্রামের ফারুক তাহের ও শাহাদাত হোসেন নিজাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
