রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। আহতরা হলেন—ইয়াসিন তালুকদার (৩১) ও জিতু (২৭)। এর মধ্যে ইয়াসিনের ৫০ শতাংশ ও জিতুর ৬৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। এদিকে কি কারণে এ বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থল থেকে বোম ডিসপোজাল ইউনিট আলামত সংগ্রহ করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারাণা করছে, এ বিস্ফোরণ বিস্ফোরক দ্রব্য থেকে হয়নি।
তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের জঙ্গি প্রতিরোধে বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটসহ পুলিশ কাজ করছে।
