চীনা আগ্রাসনের মধ্যে জাপানের সঙ্গে ঘনিষ্ঠ হবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৪

চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যেই জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে জন্য এশিয়ার দেশটির নির্বাচিত পরবর্তী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবেন তিনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

কিয়োডো নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচনে কিশিদার বিজয়ের পর যুক্তরাষ্ট্রের এমন আশা। তার আগে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দলের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, বাইডেন প্রশাসন সম্ভবত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে কিশিদা ক্ষমতায় তার দখল দৃঢ় ও শক্তিশালী করতে পারে কিনা।

ওয়াশিংটন থিংক ট্যাঙ্কের ভাইস-প্রেসিডেন্ট মাইকেল গ্রিন বলেন, জাপান চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রতিটি ক্ষেত্রে রয়েছে, যা আমেরিকা গুরুত্ব দেয়। প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে শুরু করে গণতন্ত্র এবং কূটনীতিসহ প্রায় সব ক্ষেত্রে।

বাইডেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে খুব দ্রুত সম্পর্ক স্থাপন করবেন। কারণ তার প্রশাসনের জন্য শক্তিশালী জাপানি নেতৃত্ব দরকার, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ