তথ্যপ্রযুক্তি ডেস্ক
আনুষ্ঠানিকভাবে চালু হল সম্পূর্ণ বাংলাদেশে তৈরি প্রথম লেজেন্ডারী ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’। গত শুক্রবার বিকেলে হোটেল আমারি ঢাকা-তে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহিমের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই অ্যাপের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পলক বলেন, ‘আমি খুবই যে বাংলাদেশে এত সুন্দর গেইমস তৈরি করা হয়েছে। আমি যখন এই গেমিং অ্যাপটি উদ্বোধন করার আমন্ত্রণ পেলাম তখন জানলাম, বাংলাদেশ দেশের ছেলেরা একটা গেমিং অ্যাপ তৈরি করেছে। দেখলাম এটা একটা বিশ্ব মানের গেম।বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিমও আশাবাদী। তিনি বলেন, ‘যারা গেম ডেভলপার, আমি তাদের সবসময় এগিয়ে রাখার চেষ্টা করি। তাইতো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেন কোন মানুষ গেইম ডেভেলপমেন্টে এগিয়ে যেতে পারে, আমরা সর্বস্তরে ইন্টারনেটের গতি বৃদ্ধি করেছি।’
গেমিং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান বলেন, ‘আর কিছুদিনের মধ্যেই মাল্টি প্লেয়ার গেম হয়ে যাবে ‘মুশি দ্য ডিপেন্ডেবল’। তখন আমরা ঘরে বসেই বিশ্বের সাথে কানেক্ট করতে পারবো। এই গেমসটা বানিয়েই আমরা এখানে থেমে থাকবো না। আমরা আগামীতে আরও নতুন কিছু আপনাদের উপহার দিবো। আমরা এই গেমিং অ্যাপ নিয়ে টুর্নামেন্ট রাখবো। কেউ যদি টুর্নামেন্ট জিতে, তাহলে আমরা তাদের অনুপ্রাণিত করবো, পুরস্কারের ব্যবস্থাও থাকবে।’
মুশফিকুর রহিমকে ব্র্যান্ডিং করে গেমিং অ্যাপটি যৌথভাবে তৈরি করেছে কেপিসি এন্টারপ্রাইজ ও টারটেইল সলিউশনস। প্রতিষ্ঠান দুটির ৮জন প্রোগ্রামার প্রায় ৫মাস ধরে তৈরি করেছে এই অ্যাপটি। বিনিয়োগ হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। গেমিং অ্যাপটিতে ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশান যুক্ত করা হয়েছে। রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল:জেনারেল, মাল্টিপ্লেয়ার এবং লিজেন্ডারি মোড। জেনারেল মোডে একজন ইউজার বেছে নিতে পারবেন প্রতিপক্ষ দেশ; যার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন মুশফিক হয়ে। বেছে নিতে পারেন পছন্দের টুর্নামেন্ট, খেলার মাঠ। আছে দিন-রাতের ম্যাচ, আবহাওয়া, টস, রিভিউ সিস্টেম, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত এবং ধারাভাষ্যকারের বর্ণনা। সব মিলে শতাধিক অপশন আর ফাংশন। ঘরে বসে মাঠের অনুভূতি দেবার জন্য যুক্ত করা হয়েছে হাইডেফিনেশন গ্রাফিক্স। গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে।
