আর্থ-সামাজিক উন্নয়নে উপজেলা নির্বাচন গুরুত্বপূর্ণ :নাসিম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে তৃণমূলের উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার প্রাক্কালে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামে গ্রামে উপজেলা নির্বাচনের ডামাঢোল বেঁজে উঠেছে। এ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দল উপজেলা  পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলে তা হতো আরো অর্থবহ। তৃণমুলের জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নে উপজেলা নির্বাচন অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ।

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন এবং উপজেলা পরিষদের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, জেলা পরিষদের সদস্য রেফাজ উদ্দিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমানসহ  উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মোহাম্মদ নাসিম শহীদ এম. মনসুর আলী সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শহীদ এম মনসুর আলী কলেজের তিন বিষয়ে মাষ্টার্স কোর্স চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাজিপুরবাসীর পক্ষ থেকে কৃতঞ্জতা এবং ধন্যবাদ জানান। তিনি মনসুর আলী সরকারি কলেজকে নকলমুক্ত ও ধুমপানমুক্ত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীর প্রতি আহবান জানান।