ঝিনাইদহে সড়ক দখল করে ট্রাক পার্কিং

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে যানবাহনের চালকরা ট্রাফিক আইনের তোয়াক্কা করছে না। বিভিন্ন স্থানে সড়কের ওপর গড়ে উঠেছে অবৈধ ট্রাক পার্কিং স্পট। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবাধে চলছে নসিমন, ইজিবাইকসহ নানা ধরনের থ্রি-হুইলার। জেলায় ৭০-৮০ হাজার মোটরসাইকেল চলাচল করছে বলে জানান ট্রাফিক পরিদর্শক মো. সালাউদ্দিন। এর মধ্যে অন্তত ২০ হাজারের বৈধ কাগজপত্র নেই। অনটেস্ট ঝুলিয়ে চলছে। এছাড়াও চলছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা। কেউ ট্রাফিক আইনকানুন মানছেন না। 

সরজমিনে দেখা গেছে, ইদানীং বিভিন্ন স্থানে অবৈধভাবে সারিসারি ট্রাক পার্কিং করে রাখা হচ্ছে। ব্যস্ততম শৈলকুপা-ঝিনাইদহ সড়কের কবিরপুরে অনেক দিন ধরে অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাখা হচ্ছে। স্থানীয় জনগণের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধভাবে ট্রাক পার্কিং শুরু হয়েছে। বড়দা এলাকাতে রাস্তার ওপর লম্বা সারি করে ট্রাক পার্কিং করে রাখা হচ্ছে। ভাটই বাজারে মহাসড়কের ওপর হাট বসছে। এতে হাটের দিনগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের আরাপপুর এলাকায় এলোমেলোভাবে যানযাহন রাখা হয়। এতে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

শুক্রবার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আলমগীর হোসেন নামে একজন পথচারী বলেন, সড়ক-মহাসড়কে যানবাহনের অবৈধ পার্কিংয়ের কারণে চলাচল ও রাস্তা পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার ওসি বলেন, মহাসড়কের ওপর যানবাহনের অবৈধ পার্কিংয়ের জন্য মামলা দেওয়া হয়ে থাকে। তিনি আরো বলেন, অনেক সময় মামলা দিলে চালকরা সড়ক অবরোধ করে বসেন।