বাসাইল (টাঙ্গাইল) সংবাদাতা
শরতের সাদা শুভ্রতা নিয়ে দিগন্ত জুড়ে চোখ ধাঁধানো কাশফুলের সমাহার প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করে। কাশফুলের সৌরভ না থাকলেও এর নৈসর্গিক সৌন্দর্য দেখে মানুষের মন-প্রাণ জুড়িয়ে যায়। বর্তমানে কাশফুলের এমন মনোরম দৃশ্য দেখা যায় উপজেলার বাসাইল ডিগ্রি কলেজের অর্ধকিলোমিটার পূর্বে বাসাইল-ভাতকুড়া সড়কের উত্তর পাশে। কাশফুলের মনোরম এ দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এ স্থানে। সরেজমিনে দেখা গেছে, কাশফুলের মাঠে ছেলেমেয়েরা মেতে উঠেছে আনন্দ উচ্ছ্বাসে। নির্মল বাতাসে কাশফুলের দোল খাওয়া শীষ দেখতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ বিকালে ঘুরে বেড়াচ্ছে কাশবনে। পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন ছবির ফ্রেমে।
কাশফুল দেখতে আসা লাবণী আক্তার বলেন, গোধূলির সময় মাঠ জুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন তা দেখতে খুবই ভালো লাগে। সুজন পারভেজ ও সজীব নামে দুই দর্শনার্থী বলেন, ‘মহামারি করোনায় আমাদের জীবন কেমন যেন থমকে গেছে। কিন্তু প্রকৃতি তো আর থেমে নেই। প্রকৃতি সেজেছে নতুন সাজে। তাই আমরাও ছুটে এসেছি এখানে।’
বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, করোনার কারণে দীর্ঘদিন মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারেনি। করোনার প্রকোপ কমতে থাকায় মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে। কাশফুল প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়। কাশবন দেখতে উপজেলার বাইরে থেকেও মানুষ ভিড় জমাচ্ছে। ভ্রমণপিপাসুদের নিরাপত্তা, নতুন নতুন বিনোদনকেন্দ্র নির্মাণ ও বাসাইলের সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
