ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার রাতে ছাদ থেকে মালামাল ফেলার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাত্তার মিয়া (৫০)। তিনি পৌর এলাকার ভাদুঘরের আইয়ুব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জেলার থানাপাড়া এলাকার ইউসুফ মিয়ার বাড়িতে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন ঠিকাদার আবুল মিয়া। শুক্রবার রাতেও কাজ চলছিল। এ সময় মাথায় করে অপ্রয়োজনীয় মালামাল ফেলতে গিয়ে নিচে পড়ে যান সাত্তার। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে সাত্তারের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
