গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩৮

নাটোর প্রতিনিধি

নাটোরে শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহেল (২১)। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ইদ্রিস আলী। শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর থানার ওসি মনসুর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে নাটোর-হরিশপুর বাইপাস থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোর পিটিআই মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার সোহেল এবং চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক হেলপার সোহেলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ট্রাকচালক চিকিত্সাধীন রয়েছেন।