ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩৯

আটক ২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বিপ্লব (২২)। সে উপজেলার চররূপপুর জিগাতলা গ্রামের পান্না ফকিরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলো ঐ গ্রামের পলাশ হোসেনের ছেলে শান্ত (২২) ও অন্তর (২৮)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

রূপপুর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপ্লবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।