প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলর নির্বাচনে অনিয়ম আর স্বজনপ্রীতির অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সামনে সরকারি বিটি কলেজ রোডে মানববন্ধন করেন সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে একই অভিযোগে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতাকর্মীরা জানান, আগামী ৬ অক্টোবর উপজেলার পাইকপাড়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়নে কাউন্সিল নির্বাচন চলছে। উপজেলা সদরের সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নে ত্যাগী ও নিবেদিত আওয়ামী লীগ কর্মী ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে বাদ দিয়ে দুটি ওয়ার্ডের দুই পরিবারের ৩১ সদস্য ও নিজস্ব ব্যক্তিদের কাউন্সিলর বানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন শেখ, সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল। এতে দীর্ঘদিন যাবত দলের জন্য নিবেদিত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন সাবেক সভাপতি শাহজাহান কাজী সারু, ওয়ার্ড সভাপতি জামাল, ইয়াদ আলী, জাকির মাদবর, রানা, শাহ আলী, নুরুল হক মাঝি, আ. রহমান, খালেকসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন শেখ জানান, আমার ইউনিয়নে বহু ত্যাগী নেতাকর্মী আছেন। কিন্তু মাত্র ৩১ জন কাউন্সিলর, তাই সবাইকে নির্বাচন সম্ভব হয়নি।
