ইউনাইটেডের হোঁচট
স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল লিভারপুল। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের। অপরাজিত তকমাটি ধরে রাখতে আজ বড় চ্যালেঞ্জের সামনে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে আজ তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
গত কয়েক মৌসুমে ক্লপ-গার্দিওলা লড়াইটি ভিন্ন এক মাত্রা জুগিয়েছে। তা স্পষ্ট পেপ গার্দিওলার কথাতেই। অ্যানফিল্ডে যাওয়ার আগে সিটি কোচ বলেন, ‘সে (ক্লপ) আমাকে ভালো কোচ হতে সাহায্য করেছে। খেলা নিয়ে ভাবতে, নিজেকে প্রমাণ করতে, সে আমাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। এই কারণেই আমি এখনো কোচিংয়ে আছি। কিছু কোচ আছে যারা আপনাকে এগিয়ে যাওয়ার পথে তাড়না দিবে। ক্লপ তাদের মধ্যে একজন।’
ক্লপও গার্দিওলাকে প্রশংসা করে বলেন, ‘প্রতিটা কোচের জন্যই তার মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের। ভুল করলে আপনাকে ফল ভোগ করতে হবে এবং সিটির বিপক্ষে সবসময় এটাই হয়ে আসছে। প্রতি বছর এই ম্যাচটি সত্যিই স্পেশাল। কেবল সেরাটা দিলেই এখানে জয়ের সুযোগ আসে।’ এদিকে গতকাল এভারটনের কাছে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। শুরুর একাদশে না থাকলেও এদিন প্রিমিয়ার লিগে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
