উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৮

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

উত্সবমুখর ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির বহু প্রতীক্ষিত নির্বাচন। সমিতির ২ হাজার ১৭ জন সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬১৩ ভোটার। সকাল ৯- ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৩৫টি পদের বিপরীতে ৭০ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

নবীন ও সত্তর আশির দশকের প্রবীণ খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সংগঠক, উত্সুক ক্রীড়ামোদি ও প্রার্থীদের সমর্থকদের পদচারণায়  এম এ আজিজ স্টেডিয়াম অঙ্গন ছিল মুখরিত। নির্বাচনে দুটি প্যানেলের একটির নেতৃত্বে ছিলেন জাতীয় সাবেক ফুটবলার নাছির উদ্দিন চৌধুরী ও মামুনুল ইসলাম।

অন্য প্যানেলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম জেলা দলের সাবেক গোলরক্ষক প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু ও সাবেক ফুটবলার হাসান মুরাদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।