গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সবের দ্বিতীয় দিন

গান, নৃত্য ও নাটকে মুখর শিল্পকলার সব মঞ্চ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:৪৪

ইত্তেফাক রিপোর্ট

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উত্সবের দ্বিতীয় দিনে বিকালে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন কেরামত মাওলা। সম্মানিত অতিথি ছিলেন নাট্যজন মিজানুর রহমান, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, নৃত্যশিল্পী শেখ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন সংস্কৃতজন মানজার চৌধুরী সুইট।

উন্মুক্ত মঞ্চে পথনাটক পরিবেশন করে নাট্যযোদ্ধা। শিশু সংগঠন পরিবেশনা নিয়ে এসেছিল স্বরতরঙ্গ আবৃত্তি ভুবন। দলীয় আবৃত্তিতে অংশ নেয় স্বনন, ঢাকা। দলীয় সংগীত পরিবেশন করে স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্রের শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার। একক সংগীত পরিবেশন করেন—আব্দুল হালিম খান ও তামান্না নিগার তুলি। একক আবৃত্তি পরিবেশন করেন—বেলায়েত হোসেন ও শামিমা সুলতানা তন্দ্রা। উপস্থাপনা করেন কাজী বুশরা আহমেদ তিথি।

জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়। জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন—আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, নৃত্যশিল্পী মিনু হক ও আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ। সভাপতিত্ব করেন নাট্যজন মীর জাহিদ হাসান। অনুষ্ঠানে পরিবেশিত হয় উদীচী শিল্পী গোষ্ঠীর গীতিনৃত্যনাট্য—কেমন আছে বাংলাদেশ এবং ধৃতি নর্তনালয়-এর নৃত্যালেখ্য—প্রেম ও প্রকৃতি।

জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় প্রাচ্যনাট-এর নাটক ‘সার্কাস সার্কাস’। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সময় মঞ্চস্থ করে সা’দত হাসান মান্টোর গল্প অবলম্বনে নাটক ‘ভাগের মানুষ’। স্টুডিও থিয়েটার হলে থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ-এর নাটক ‘পঞ্চভূতের রঙ তামাশা’। এর রচনা ও নির্দেশনা- শিশির রহমান।

আজ উত্সবের তৃতীয় দিনে অক্টোবর উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান দর্শনীর বিনিময়ে শুরু হবে সন্ধ্যা ৭ টায়। জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়।