বিশেষ প্রতিনিধি
মেট্রোরেলের আরো চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসে পৌঁছেছে মোংলা বন্দরে। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এ ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে। পরে জাহাজটিতে বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্নের পর শুরু হয়েছে ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহন বার্জে (নৌযানে)। এ বার্জে করেই নদীপথে মেট্রোরেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।
বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, ৫ম দফায় জাপানের কোবে বন্দর থেকে এমভি এসপিএম ব্যাংকক জাহাজে শনিবার চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।
