আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। এসব নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদত না দিতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
গতকাল ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম সংগ্রহের চিত্র দেখতে যান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি এ সময় বলেন, নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমাপ্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় সব প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৬ অক্টোবর বিকাল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র জমাপ্রদান করতে হবে। আওয়ামী লীগের কাছে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় বিএনপি সরে দাঁড়িয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে বদ্ধপরিকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ?‘সরকার সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।’ ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ার করে আওয়ামী লীগের সর্বপর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কোনো মদত ও প্রচারণা থেকে বিরত থাকতে হবে।’ তিনি দলের মনোনিত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
