নেশার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে খুন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:৫০

কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত ছেলে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মাদকাসক্ত যুবক হূদয় নেশা করার জন্য তার বাবা নিদান মিয়ার (৫০) কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হূদয় একটি দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। চিত্কার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নিদান মিয়াকে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা গেছে, হূদয় নেশার টাকার জন্য তার বাবাকে প্রায়ই চাপ দিত। না দিলে সে তার বাবার গায়ে হাত তুলত ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করত।

কটিয়াদী থানার ওসি এস এস শাহাদাত হোসেন জানান, হূদয়কে আটক     করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর নিদান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে মাদকের টাকার জন্য বাবাকে মারধর, ছেলে গ্রেফতার

চট্টগ্রাম অফিস জানায়, মাদকের টাকার জন্য বাবাকে মারধর করার অভিযোগে সাখাওয়াত শাহরিয়ার চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন জানান, মাদক সেবনের টাকার জন্য বাবাকে মারধরের কথা স্বীকার করেছে শাহরিয়ার।

পুলিশ জানায়, চবি প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল ইসলাম চৌধুরী নগরীর কাপাসগোলা বাসায় পরিবার নিয়ে থাকেন। গত শুক্রবার সকালে বাথরুমে ওজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে সাখাওয়াত বাবার কাছে নেশার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবাকে সে কিল ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। এক পর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে জাফরুল ইসলামের মাথা ফেটে যায়। তাকে পরে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাফরুল ইসলাম গতকাল পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন।