মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল নিয়ে এখনো আশাবাদী। স্থানীয় সময় শুক্রবার কংগ্রেস ভবনে এক আকস্মিক পরিদর্শনে এসে প্রেসিডেন্ট বাইডেন এই মন্তব্য করেন। যদিও তার নিজ দলের মধ্যেই এ নিয়ে বিরোধ রয়েছে। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট বাইডেন বলেন, এটা ছয় মিনিট, ছয় দিন এমনকি ছয় সপ্তাহ লাগতে পারে। তবে এটা পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কিছু ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিলটিতে সমর্থন দিতে অপরাগতা প্রকাশ করেছেন। কারণ তারা চান কল্যাণ ও জলবায়ু সংক্রান্ত সাড়ে ৩ ট্রিলিয়ন ডলারের বিলটি আগে ভোটে আনতে। কিন্তু মধ্যপন্থি ডেমোক্র্যাটরা এই ব্যয় কমানোর পক্ষে। শুক্রবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বিল পাশের বিষয়ে সমঝোতা করতে আরো সময় প্রয়োজন।
গত বৃহস্পতিবার অবকাঠামো বিল নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। কবে আবার ভোট হবে তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অচলাবস্থার অবসানে প্রেসিডেন্ট বাইডেনকে ডেমোক্র্যাটদের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করতে দেখা গেছে। প্রেসিডেন্ট বাইডেন বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতার ওপর জোর দিয়েছেন। রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন কল্যাণ ও জলবায়ু তহবিল দুই ট্রিলিয়ন ডলারের পক্ষে। এটাই বড় ধরনের বিনিয়োগ হবে বলে তিনি বৈঠকে মন্তব্য করেছেন। এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিলের মধ্যে পরিবহন, ব্রডব্যান্ড এবং পানি পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ অন্তর্ভুক্ত।
