পাকিস্তানি তালেবানকে ঠান্ডা করতে চাইছেন ইমরান খান

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:০৯

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের সফল প্রচেষ্টায় উদ্দীপ্ত পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এদের শান্ত করতে আফগানিস্তানে এই সংগঠনের সঙ্গে পাকিস্তান সরকার আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটির সঙ্গে এক সাক্ষাত্কারে ইমরান খান জানিয়েছেন, আফগানিস্তানের ভেতরে টিটিপির সঙ্গে এই আলোচনা চলছে এবং আফগান তালেবান মধ্যস্থতা করছে। তবে সামরিক পথে তারা বিষয়টি মীমাংসা করতে চান না বলে জানিয়েছেন ইমরান খান। আফগানিস্তানের মতোই টিটিপি পাকিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চায়। ইমরান খান বলেন, টিটিপি আত্মসমর্পণ করলে পাকিস্তান সরকার তাদের অতীতের অপরাধগুলো ক্ষমা করে দিতে প্রস্তুত। তবে শান্তি আলোচনা কোনদিকে গড়াতে পারে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন; কিন্তু টিটিপি পাকিস্তান সরকারের ক্ষমা ঘোষণার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। আলোচনার জন্য তারা কিছু শর্ত আরোপ করেছে। ওদিকে পাকিস্তানে প্রভাবশালী দৈনিক ডন খবর দিয়েছে যে, সীমান্তবর্তী সাউথ ওয়াজিরিস্তানের এক উপজাতীয় জেলায় টিটিপির সঙ্গে সরকারের গোপন যোগাযোগ শুরু হয়েছে সপ্তাহ দুইয়েক আগে। —বিবিসি