বিশেষ প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াবা ও আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন—বিজিবি সৈনিক আরিফুর রহমান, বিজিবির ভুয়া অফিস সহকারী সিরাজুল ইসলাম ও মমতাজ বেগম। বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ও আইস বিক্রয়ের জন্য অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আরিফুর, সিরাজুল ও মমতাজকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৮ হাজার পিস ইয়াবা, এক কেজি ২০০ গ্রাম আইস, কয়েকটি ব্যাগ ও বর্ডার গার্ড বাংলাদেশের লোগো সংবলিত দুইটি ভুয়া আইডি জব্দ করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আরিফুর বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী হিসাবে কর্মরত থাকলেও গত ২০১৯ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন তিনি। গ্রেফতারকৃত সিরাজুলের কাছ থেকে পাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের পরিচয়পত্রটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ও আইস ক্রয় করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
