পূর্ব লাদাখে সেনাসংখ্যা বাড়াচ্ছে চীন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:২১

ইত্তেফাক ডেস্ক

ভারতের পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) আবারও সেনাসংখ্যা বাড়াচ্ছে চীন। গতকাল শনিবার লেহ্?তে পৌঁছে এই মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নরবণে। তিনি বলেন, পুরো এলএসি জুড়েই নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে। আমাদের কাছে যা উদ্বেগের বিষয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধান বলেন, আমরা নিয়মিত ভারতীয় সেনাদের গতিবিধির ওপর নজরদারি করছি। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিবস উপলক্ষ্যে শনিবার লেহ্? শহরে বিশ্বের বৃহত্তম খাদির জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেনারেল নরবণের পাশাপাশি ঐ কর্মসূচিতে ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এম কে মাথুর। দুই দিনের লাদাখ সফরে এসে রেজিংলায় সেনার অগ্রবর্তী ঘাঁটিতেও যান জেনারেল নরবণে। সূত্রের বরাত দিয়ে ঐ খবরে বলা হয়েছে, পূর্ব লাদাখে সম্ভাব্য চীনা হামলার মোকাবিলায় ইতিমধ্যেই এম-৭৭৭ এবং কে-৯ বজ্র হাউইত্জার কামান মোতায়েন করা হয়েছে।