বিশেষ প্রতিনিধি
দেশে গত এক দিনে শনাক্ত করোনা ভাইরাসের রোগীর সংখ্যা ৬০০-এর নিচে নেমেছে, যা গত সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৫৮৯ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭। দিনে এর চেয়ে কম রোগী সর্বশেষ শনাক্ত হয়েছিল গত ১৬ মে, সেদিন ৩৬৩ রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৫৫। গত এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪১ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। এই হিসাবে দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা মাত্র ১২ হাজার ১৫০। অর্থাত্ দেশে এখন এইসংখ্যক মানুষ করোনা ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছে।
গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৮৩টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে বিপর্যস্ত জুলাই-আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর থেকে সংক্রমণের গতি কমে আসে। সাড়ে ৫ মাস পর গত ২১ সেপ্টেম্বর দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামে। তারপর থেকে তা স্থিতিশীলই রয়েছে। টানা দুই সপ্তাহ দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ধরে নেন বিশেষজ্ঞরা।
দেশে এই পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৭৩ হাজার ২৪৪টি নমুনা। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৩। আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন বাদে চট্টগ্রাম বিভাগের চার জন, খুলনা বিভাগের এক জন, বরিশাল বিভাগের এক জন, সিলেট বিভাগের এক জন, রংপুর বিভাগের দুই জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন এক জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৫ জন ছিলেন পুরুষ, ৯ জন ছিলেন নারী। তাদের মধ্যে ২১ জন সরকারি হাসপাতালে এবং তিন জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
