বিচারকের প্রতি ট্রাম্পের আহ্বান

আমার অ্যাকাউন্ট খুলে দিতে টুইটারকে চাপ দিন

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:২২

ইত্তেফাক ডেস্ক

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট এখনো খুলে দেয়নি সোশ্যাল মিডিয়া টুইটার কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার অ্যাকাউন্ট খুলে দিতে টুইটারের ওপর চাপ প্রয়োগ করতে ট্রাম্প ফ্লোরিডার এক বিচারকের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের

সহিংসতার আশঙ্কায় গত জানুয়ারিতে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্প ফ্লোরিডার আদালতে টুইটারের বিরুদ্ধে রুল দিতে প্রাথমিকভাবে আবেদন করেছেন। আবেদনে তিনি বলেছেন, কংগ্রেসের কিছু সদস্যের দ্বারা প্রভাবিত হয়ে টুইটার তার অ্যাকাউন্ট স্থগিত রেখেছে। গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটারসহ আরো অনেক সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল। ট্রাম্পের আইনজীবী আবেদনে জানিয়েছেন, টুইটার ক্ষমতার অপব্যবহার করেছে এবং রাজনৈতিক বিষয়ের ওপর প্রভাব বিস্তার করছে যা গ্রহণযোগ্য নয়। ঐতিহাসিকভাবে এটা অপ্রত্যাশিত এবং গণতন্ত্রের জন্যও শুভ নয়। টুইটার এই আবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।