সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পেঁপে চাষে আগ্রহ বাড়ছে। এ চাষ লাভজনক হওয়ায় অনেকে পেঁপে চাষে ঝুঁকছেন। চাষি আব্দুল মালেক জানান, পাঁচ-ছয় বছর আগে তিনি পাঁচ বিঘা জমি লিজ নিয়ে পেঁপে আবাদ শুরু করেন। প্রথম বছরেই পেঁপে চাষ করে খরচ বাদে তিনি লক্ষাধিক টাকা লাভ করেন। এরপর তিনি পুরোপুরি পেঁপে চাষে ঝুঁকে পড়েন। বর্তমানে প্রতি বছর শ্রমিক ও অন্যান্য খরচ বাদে পেঁপে বাগান থেকে তার আয় প্রায় ৫ লাখ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, পেঁপে চাষে মালেকের সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক পেঁপে চাষে ঝুঁকছেন। আশা করছি আগামী দুই-চার বছরের মধ্যে উপজেলায় ব্যাপকভাবে পেঁপে চাষ হবে।
