রাজধানীর পল্লবী থেকে বহস্যজনকভাবে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে রবিবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সন্দেহ তারা কোনো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছে।
তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে মো. রকিবুল্লাহর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামির বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
ওই তিন ছাত্রী গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। বিকাল ৫টা পর্যন্ত তাদের মোবাইল ফোন বন্ধ ছিল। ফেসবুকেও তাদের পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকায়ও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
তাদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে কোন তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিখোঁজ তিন শিক্ষার্থীর বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তারা এখন পর্যন্ত দেশে আছে বলেই আমাদের কাছে তথ্য রয়েছে। যেহেতু ওই শিক্ষার্থীদের কোন পাসপোর্ট নাই, ধরেই নেওয়া যায় বৈধ উপায়ে তাদের দেশ ত্যাগের কোন সুযোগ নেই। অবৈধ পথে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে সেটা নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ।
ইত্তেফাক/এএএম
