বজ্রপাতে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২১

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে রবিবার বজ্রপাতে কলেজছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নীলফামারী :বজ্রপাতে নীলফামারীর পৃথক দুটি স্থানে দুপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে উত্তরাশশী মিলবাজার এলাকার রবিউল ইসলাম (৩২) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩)। এলাকাবাসী জানায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েক জন যুবক পঞ্চপুকুরের মিলবাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাত্ বজ্রপাত হলে রবিউল ঘটনাস্থালে মারা যায়। অপরদিকে, পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলামের মৃত্যু হয়। পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবর রহমান সরকার ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) :গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের মাঠে দুপুরে বজ্রপাতে সাগর (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাগর দীঘা গ্রামের হাশের মিয়ার ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী ছিল। দুপুর আড়াইটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সাগর ছত্রাইল বিলের মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া গরুগুলো আনতে যায়। হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।