সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরের ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। মৃত রাসেল (২৩) ছন্দু শেখের ছেলে। আহত ছন্দু শেখ ও তার স্ত্রী আফরোজা বেগম ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
জানা গেছে, ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে কয়েক দিন ধরে কথা কাটাকাটি এবং ঝগড়া চলছিল। শনিবার সন্ধ্যায় আবার তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায় দেশীয় লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু হয়। এ সময় অস্ত্রের আঘাতে রাসেল শেখ গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়। ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, মারামারির ঘটনায় মৃত রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
