ঢাকা-মনোহরদী সড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২২

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

ঢাকা-মনোহরদী সড়কে মনোহরদীর নারান্দী বাসস্ট্যান্ডে রবিবার দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ঢাকা থেকে কটিয়াদীগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে নারান্দী বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মনোহরদী ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত বিআরটিসি বাসের চালক শহিদুলসহ আহতদের উদ্ধার করে মনোহরদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মনোহরদী ফায়ার সার্ভিসের সাব অফিসার সাইফুল ইসলাম। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার এসআই মাসুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।