দর হারানোর শীর্ষে ইস্টার্ন ইনসিওরেন্স

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৬টির বা ৫৭.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪২.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৮.২০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ১৪.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৯.৯৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৯৩ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৬.০১ শতাংশ, অলটেক্সের ৫.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৫৯ শতাংশ, ইমাম বাটনের ৪.৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৩ শতাংশ এবং জনতা ইনসিওরেন্সের শেয়ারদর ৪.৫২ শতাংশ কমেছে।