ইত্তেফাক রিপোর্ট
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য বিপণনের জন্য রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরত্ উদ্যোক্তা হাট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান গতকাল রবিবার দুপুরে এ হাটের উদ্বোধন করেন। বিসিক বিপণন বিভাগ এবং পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় এ হাটের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই হাটে ৭১টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাগণের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্থান পেয়েছে। ক্রেতা সাধারণগণ কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। এই হাট প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
