ইত্তেফাক রিপোর্ট
দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও মেক্সিকান বিজনেস কাউন্সিল ফর ফরেইন ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি (সিওএমসিই)। সম্প্রতি মেক্সিকো সিটিতে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং সিওএমসিইর পক্ষে প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য শাখার সহসভাপতি অগাস্টিন গার্সিয়া রেচি সমঝোতা স্মারকে সই করেন।
এফবিসিসিআই সভাপতির পক্ষে এমওইউ সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক আমজাদ হোসাইন। সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশের ব্যাবসায়িক স্বার্থের উন্নয়ন, বাণিজ্য প্রতিনিধিদলের সফর, নেটওয়ার্কিং ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে এফবিসিসিআই ও সিওএমসিই। এর মাধ্যমে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ মালিকানায় বিনিয়োগ বাড়ানো এবং এ সংক্রান্ত সব জটিলতা দূর করতে সর্বোচ্চ সহায়তা করতে একমত হয়েছে দুই সংগঠন। দুই পক্ষই নিজ নিজ দেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী, সেমিনার এবং অন্যান্য ব্যাবসায়িক কর্মকাণ্ডে বাংলাদেশ ও মেক্সিকোর ব্যবসায়ীদের অংশগ্রহণকে উত্সাহিত করবে। তাছাড়া যৌথ গবেষণা কার্যক্রম হাতে নেবে এফবিসিসিআই ও সিওএমসিই।
বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক আন্তঃবাণিজ্যের পরিমাণ গড়ে ৪০ কোটি মার্কিন ডলারের কিছু বেশি। এই সমঝোতা স্মারকের আওতায় নেওয়া নানা কার্যক্রমের ফলে এ পরিমাণ ১০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
