মফস্সল এলাকায় নেটওয়ার্কের সমস্যা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৩০

তথ্যপ্রযুক্তির কল্যাণে শিক্ষা, চিকিত্সা ও ব্যবসা-বাণিজ্যসহ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে কোনো কাজ ঘরে বসে সম্পন্ন হচ্ছে মুহূর্তে। বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের মাধ্যম শক্তিশালী করতে হবে। বর্তমানে চতুর্থ জেনারেশনের কথা বললেও  মফস্সল এলাকায় সেটার কোনো প্রতিফলন পাওয়া যায় না। ফলে গ্রামের মানুষ শহর থেকে অনেক পিছিয়ে রয়েছে। এমনকি কোনো তথ্য পেতেও নেটওয়ার্কের স্বল্পতার কারণে গ্রামের মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত। সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে নগর ও গ্রামের মধ্যে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। তাই যোগাযোগের মান বৃদ্ধি ও বৈষম্য দূর করার জন্য মফস্সল এলাকায় নেটওয়ার্ক টাওয়ার স্থাপন জরুরি। সমস্যাটি সমাধানে গ্রাম এলাকার প্রতিনিধিসহ তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবু তারেক

পটিয়া, চট্টগ্রাম