আবার সুনীলদের সামনে জামালরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৩০

সাফে বাংলাদেশ-ভারত অলিখিত ফাইনাল আজ। খেলা শুরু বিকাল ৫টা

 সোহেল সারোয়ার চঞ্চল

১১৯ দিন পর আজ আবার ফুটবল ময়দানে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপের এই লড়াই হবে মালদ্বীপের মালে শহরে। শুরু হবে বিকাল ৫টায়। আর উত্তেজনায় কাঁপছে দেশের ফুটবল অঙ্গন।

পৃথিবীর যে প্রান্তে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ হোক, সেটা নিয়ে দুই দেশের ফুটবলে উত্তেজনার পারদ ছড়াবে নিশ্চিত। পরিসংখ্যান কি বলল না বলল, তা নিয়ে খেলোয়াড়রা ভাবে না। অতীতের মতোই এক অবস্থানে বাংলাদেশ এবং ভারত। ইতিহাস হতে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে।

সাফে আজ ভারতের প্রথম ম্যাচ। অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশ প্রথম ম্যাচে তপুর গোলে (১-০) শ্রীলঙ্কাকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচে নামছে। প্রথম ম্যাচের ধাক্কা সামাল দিয়ে এসেছেন জামাল ভুঁইয়া, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা, ইব্রাহিমরা। ভারত শক্তিশালী হলেও তাদের প্রথম ম্যাচ, এক ফোটা শঙ্কা হলেও থাকবে।

দুই দলের সবাই সবার হাঁড়ির খবর জানেন। কে কেমন খেলবে সেটা জানা আছে। কার দুর্বলতা কোথায়, কার শক্তি কোথায় সেটা সবার জানা।

ফিফার র্যাংকিংয়ে ভারত ১০৭, বাংলাদেশ ১৮৯। র্যাংকিংয়ে ভারত ৮২ ধাপ এগিয়ে। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া আগেই জানিয়েছেন শক্তিশালী ভারতের বিপক্ষে না হারলে ভালো। তার এ কথার যুক্তি হচ্ছে পরের ম্যাচ দুটি মালদ্বীপ এবং নেপালের বিপক্ষে। ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেলে ফাইনালে উঠতে বাকি দুই ম্যাচের হিসাবটা বেরিয়ে যাবে। কারণ এবার পাঁচ দল নিয়ে আয়োজিত সাফের ফরমেশন হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে। বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছে। তাই ভারতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সাফে লড়াই করছে জামাল ভুঁইয়াদের বাংলাদেশ।

বাংলাদেশ ভারত দুই দেশের লড়াইটা সবসময় টুর্নামেন্টের অলিখিত ফাইনাল। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী আগেই বলে দিয়েছেন, ফুটবল যুদ্ধে নামছেন তিনি। সাফের মঞ্চে ফুটবল যুদ্ধে নামার আগেই কথার যুদ্ধ শুরু হয়ে গেছে। গতকাল দুপুরে মালেতে দুই দলের সংবাদ সম্মেলনে কথার তীর ছুঁড়েছেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। মাঠের লড়াইয়ের আগেই উত্তেজনা আকর্ষণ ছড়িয়েছেন। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে পেনাল্টিতে গোল করে জিতেছিল বাংলাদেশ। সেটি নাকি ইগর স্টিমাচের চোখে ‘ফানি’ পেনাল্টি মনে হয়েছে। সংবাদ সম্মেলনে ইগর বলেছেন, ‘ফানি পেনাল্টি। ঢাকার সাংবাদিকরাও পালটা প্রশ্ন করেছিলেন সেই জবাবে নাকি মেজাজটা একটু নড়বড়ে হয়ে যায় ইগরের। তিনি বলেন, ‘আমার কাছে যা মনে হয়েছে সেটাই বলেছি। তোমাদের যা খুশি লিখে নাও।’ এমন উত্তেজনার খবর ভেসে এসেছে বাংলাদেশেও। ওসব কথায় কান দিতে রাজি না বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন। খাতায় লেখা আছে বাংলাদেশ জয় পেয়েছে। সেটি কেউ মুছে ফেলতে পারবে না। এসব নিয়ে মাথা ঘামাতেও রাজি না ব্রুজন। তার চোখ আজকের ম্যাচে ভারতকে কীভাবে মোকাবিলা করবেন ব্রুজন তা নিয়ে দম ফেলার ফুরসত যার নেই তিনি কীভাবে সুনীলদের কোচের মন্তব্য নিয়ে কথা বলবেন।

হেড টু হেড

ম্যাচ                       ২৮

বাংলাদেশ জয়ী          ৪

ভারত জয়ী                ১৪

ড্র                          ১০

গোলসংখ্যা (বাংলাদেশ)        ১৯

গোলসংখ্যা (ভারত)     ৪০