ইত্তেফাক রিপোর্ট
বিদেশি চ্যানেলের দেশীয় পরিবেশক-অপারেটরদের আইন মানার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার
মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, বন্ধ করার জন্যও বলেনি। দেশের আকাশ উন্মুক্ত রয়েছে, এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে কিন্তু সেটি দেশের আইন মেনে করতে হয়। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যে কোনো বিদেশি চ্যানেল বিজ্ঞাপনমুক্তভাবে সম্প্রচারের আইন ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর অন্য সব দেশেই আছে এবং আইন মেনেই সেখানে বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করে, শুধু আমাদের দেশেই এই আইনকে বছরের পর বছর ধরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমরা এই আইন বাস্তবায়নের কথা দুই বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছিলাম এবং বেশ কয়েক বার তাগাদা দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে এবং সবশেষে আগস্টে সবপক্ষকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করি যে, পয়লা অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করব। আমরা সেটিই করেছি, কোনো চ্যানেল বন্ধ করা হয়নি।
মন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে অভিযোগ দিয়েছে, বিবিসি, সিএনএন, আলজাজিরা, এনএইচকে, ফ্রান্স ২৪, রাশিয়া টুডে’সহ প্রায় ২৪টি চ্যানেলের ক্লিনফিড আসে। কিন্তু সেগুলো অনেকে চালাচ্ছেন না, যেটি ক্যাবল অপারেটরের লাইসেন্সের শর্তভঙ্গ। কেউ শর্তভঙ্গ করলে, সেই অপরাধে অভিযুক্ত হবেন।’ ড. হাছান বলেন, ‘বিদেশি চ্যানেলগুলোর এদেশে এজেন্ট আছে, ক্লিনফিডের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলের এবং এজেন্টের। কিন্তু কোনো কোনো ক্যাবল অপারেটর এজেন্টদের পাশ কাটিয়ে সরাসরি স্যাটেলাইট থেকে এটি পাইরেসি করে ডাউনলিংক করে। অনুমতি ছাড়া ডাউনলিংক করা আইনবহির্ভূত।’ কিছু ক্যাবল অপারেটরের আন্দোলনের বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের আন্দোলনের কথা বলা অযৌক্তিক। যারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে এবং সংস্কৃতিকে চোখ রাঙ্গাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থবিরোধী, আইনবিরোধী।
‘জিয়া হাজার হাজার সেনাসদস্য
হত্যা করেছেন’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির জন্মটাই হয়েছে মানুষ খুন করার মধ্য দিয়ে। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন। বিমান বাহিনীর যে সদস্যদের জিয়া হত্যা করেছিলেন তাদের স্বজনরা শনিবার সভা করে জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছেন।’ গতকাল বিকালে জুরাইন রেলগেট চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
