কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে ৪৭০ গ্রাম হেরোইনসহ আন্তঃজেলা মাদক পাচারকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের একটি চৌকশ দল। শনিবার রাতে উপজেলা চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হক (৫০) রাজশাহীর গোদাগাড়ি থানার মাদাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।
জানা যায়, ঐদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সেভেন স্টার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস নামে একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালায় র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুরের একটি চৌকশ দল। এ সময় নাজমুল হককে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৪৭ লাখ টাকা বলে পুলিশ জানায়। নাজমুল হককে রবিবার সকালে গাজীপুর কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
