ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় নির্মাণাধীন আট তলা ভবনের ওপর থেকে ইট পড়ে ছয় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। শিশুটির নাম জান্নাত আক্তার আরিফা। তার বাবা ঐ ভবনেই কাজ করেন বলে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানিয়েছেন।
কলাবাগান থানার এসআই স্বপন মণ্ডল জানান, সকালে ভবনে কাজে যাওয়ার সময় মেয়েকেও নিয়ে গিয়েছিলেন শিশুর বাবা। তিনি যখন কাজে ব্যস্ত, আরিফা নিচে খেলা করছিল। এ সময় মাথায় ইট পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সুরতহাল শেষে আরিফার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।
